‘রানের জন্য আরো ক্ষুধার্ত থাকব’

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ০৯:০১
 
অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজ যতই কাছে চলে এসেছিল, টেস্ট দল থেকে মুমিনুল হকের বাদ পড়ার গুঞ্জন ততই ডালপালা মেলেছিল। অনুমিত হলেও গতকাল ঘোষিত প্রথম টেস্টের ১৪ সদস্যের দলে এ বাঁহাতির না থাকা ‘বিস্ময়’ হয়েই ধরা দিয়েছে সবার কাছে। দল থেকে বাদ পড়ায় খারাপ লাগলেও হতোদ্যম নন এ বাঁহাতি ব্যাটসম্যান।
 
শনিবার মুমিনুল জানিয়েছেন, আগের চেয়ে ভালো করে দলে ফিরতে চান। গত কয়েক বছরে রান মেশিন বনে যাওয়া মুমিনুল এখন রানের জন্য আরো বেশি ক্ষুধার্ত থাকবেন।
 
গোটা বাংলাদেশের মতোই খোদ মুমিনুলও বুঝে গিয়েছিলেন কঠিন সংবাদ আসছে। তাই তো নিজেকে আড়াল করে ফেলেছিলেন। গত কয়েকদিন সতীর্থ মুশফিক-তামিমরা যখন মিরপুরে ম্যাচ অনুশীলন করেছেন, তখন প্রতিদিনই একাকী চুপিসারে ইনডোরে অনুশীলন করে ফিরে গেছেন এ তরুণ।
 
গতকাল মুঠোফোনের ওপ্রান্তে মুমিনুলের কণ্ঠ কিছুটা ম্রিয়মাণই ধরা পড়ল। গত কিছুদিনের আলোচনা, আবহের কারণে মানসিক একটা প্রস্তুতি তার ভেতরে ঠিকই ছিল। বাদ পড়ার বিষয়ে জানতে চাইলে ২৫ বছর বয়সী এ ব্যাটসম্যান বলেন, ‘খারাপ তো লাগেই সবার। একটু খারাপ লাগে।’
 
বাংলাদেশ দলের কোচ হিসেবে চন্ডিকা হাতুরুসিংহে আসার পরই মুমিনুলের অবস্থান নড়বড়ে হতে শুরু করে। ২০১৪ সালে ওয়ানডে দলে অনিয়মিত হওয়া শুরু হয়, ২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে দল থেকেই বাদ পড়েন তিনি। ধীরে ধীরে টেস্ট বিশেষজ্ঞ হয়ে পড়েন এ বাঁহাতি। শর্ট বলে দুর্বলতা, অফ স্পিন খেলতে না পারার অপবাদও যোগ হয় তার নামের পাশে। যার ধারাবাহিকতায় এবার টেস্ট দল থেকে বাদ পড়লেন তিনি।
 
তবে এখন আগের চেয়ে মানসিকভাবে দৃঢ় ২২ টেস্টে চারটি সেঞ্চুরিসহ ১ হাজার ৬৮৮ রান করা এ ব্যাটসম্যান। তিনি বলেন, ‘এখন মানসিকভাবে আগের চেয়ে অনেক অনেক শক্ত আমি। আগের চেয়ে ভালো করতে চাই। আরো রান করতে চাই। এখন রানের জন্য আরো ক্ষুধার্ত থাকবো।’
 
অস্ট্রেলিয়া বড় দল। এগার বছর পর তাদের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। অথচ এ সিরিজে নেই বাংলাদেশের সময়ের সেরা টেস্ট ব্যাটসম্যান মুমিনুল। স্মিথদের বিপক্ষে সিরিজটা মিস করবেন জানলে বলেন, ‘হ্যাঁ, মিস করবো অবশ্যই। এখন হয়তো নেই। পরে আবার খেলায় দেখবেন।’
 
ইত্তেফাক/এমআর