বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় দারুণ হতাশ নাদাল

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১২:১৭
 
গত তিন বছরের মধ্যে প্রথমবারের মত এটিপি বিশ্ব র‍্যাংকিঙয়ের শীর্ষস্থান দখল করেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। কিন্তু এই সুখবরে মোটেও স্বস্তিবোধ করছেন না নাদাল। নিজের জন্মস্থান বার্সেলোনায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় অনেকের মতই দারুণ হতাশা ব্যক্ত করেছেন বিশ্বের এই এক নম্বর টেনিস তারকা।
 
শুক্রবার সিনসিনাতি মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া নিক কিরগিওসের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন নাদাল। ইউএস ওপেনের আগে সর্বশেষ বড় কোন টুর্নামেন্টের ফাইনালে খেলতে না পারাটা তার জন্য ছিল হতাশার। তার উপর বৃহস্পতিবার বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় ১৪ জন নিহত ও ১০০জনের বেশী আহত হবার ঘটনায় ম্যাচের শুরুতেই নাদালকে বেশ বিষণ্ণ দেখা গেছে। নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানাতে তিনি কালো ব্যাজ পড়ে কোর্টে নামেন।
 
ম্যাচ শেষে নাদাল বলেছেন, ‘যা ঘটেছে তা সত্যিই দুঃখজনক। স্পেনে সবাই বেশ ভেঙ্গে পড়েছে এবং অবশ্যই আমিও। অবশ্যই এটা একটি বড় দুর্ঘটনা, এখন মনে হচ্ছে কোন মানুষই কোথাও নিরাপদ নয়। যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমি সত্যিকার অর্থেই দুঃখিত। এই মুহূর্তে সন্ত্রাসবাদ রুখতে আমাদের সবাইকে এক হতে হবে।’
 
সিনসিনাতি মাস্টার্সে নাদালের স্প্যানিশ প্রতিপক্ষ আলবার্ট রামোস-ভিনোলাস ও উইম্বলডনের নারী চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজাও কালো ব্যাজ পড়ে কোর্টে নেমেছিলেন।
 
ইত্তেফাক/এমআর