মদ্যপ হাসপাতালের কর্মচারী, অক্সিজেনের অভাবে ৩ শিশুর মৃত্যু

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৭:৫৯
ভারতে ডিউটিতে থাকা কর্মচারী মদ খেয়ে মাতাল হয়ে ঘুমিয়ে পড়ায় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে ৩ নবজাতক শিশু নিহত হয়েছে। ছত্তিসগড় প্রদেশের রাজধানী রাইপুরের ড. ভীমরাও আম্বেদকর হাসপাতালে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।
 
মাত্র কয়েকদিন আগে উত্তর প্রদেশের গোরক্ষপুরে হাসপাতালে অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটায় ৭০ শিশুর মৃত্যু হয়। রবিচন্দ্র নামের ওই কর্মচারীকে হাসপাতাল কর্তৃপক্ষ বরখাস্ত করার পরে পুলিশ গ্রেফতার করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিচন্দ্র মদ খেয়ে মাতাল হয়ে ঘুমিয়ে পড়ার পরে ১০ জন শিশুর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় ফলে গুরুতর অসুস্থ ৩ শিশুর মৃত্যু ঘটে। এদের মধ্যে একটি শিশুর হৃদরোগ ছিল। প্রায় ৩০ মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ থাকার পরে অন্যান্য কর্মচারীরা বুঝতে পেরে অক্সিজেন সরবরাহ পুনরায় চালু করা হয় যাতে অন্য শিশুগুলোর জীবন রক্ষা হয়।
 
এর আগে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না থাকায় উত্তর প্রদেশের গোরক্ষপুরের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে ৭০টিরও বেশি শিশুর মৃত্যু ঘটে। প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঘাটি গোরক্ষপুরের এই ঘটনা তদন্ত শেষে দুই জ্যেষ্ঠ চিকিৎসককে অক্সিজেন সরবরাহের সঠিক হিসাব লগবুকে না রাখার জন্য দায়ী করা হয়েছে। 
 
ইত্তেফাক/সাব্বির