দেশের মাটিতে খেলা বলেই, অস্ট্রেলিয়ার বিপক্ষে বুকভরা আশা নিয়ে খেলতে নামছে মুশফিকুর রহিমের দল। আর এই টেস্ট সিরিজে কোনোভাবে অস্ট্রেলিয়াকে বিপদে ফেলতে পারলেই র্যাংকিংয়ে উত্থানের সুযোগ আছে দলটির।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই সম্ভাবনার খবর নিশ্চিত করেছে। আইসিসির টেস্ট র্যাংকিংয়ে স্টিভেন স্মিতের দল এখন আছে চার নম্বর অবস্থানে। আর স্বাগতিক দল বাংলাদেশ আছে ৯ নম্বরে। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬৯, অস্ট্রেলিয়ার ১০০।
বাংলাদেশের নিচে আছে কেবল জিম্বাবুয়ে। বাংলাদেশের ঠিক আগের দলটি ওয়েস্ট ইন্ডিজ। আট নম্বরে থাকা দলটির রেটিং পয়েন্ট ৭৫। আর এই ওয়েস্ট ইন্ডিজের বিপদই হতে পারে বাংলাদেশের উত্থানের কারণ। ইংল্যান্ডের মাটিতে চলমান তিন ম্যাচের টেস্ট সিরিজে যদি ক্যারিবিয়ানরা ৩-০ ব্যবধানে হেরে যায় তাহলে অস্ট্রেলিয়ানদের বিপক্ষে ১-১ ব্যবধানে, মানে একটা টেস্টেই সফরকারীদের হারিয়ে দিতে পারলে র্যাংকিংয়ের আটে উঠে যাবে বাংলাদেশ।
তবে, ওয়েস্ট ইন্ডিজের ‘বাজে ফলাফল’-এর প্রার্থনা না করেও র্যাংকিংয়ের আটে ওঠার সুযোগ আছে। যদিও, সেই পথটা একটু কঠিন। সেক্ষেত্রে দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচও হারা যাবে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি জয়ের পাশাপাশি ড্র করতে হবে অপর টেস্ট। সেটা হলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৭৯। আর ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে নয়ে নেমে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
আর দুই টেস্টই জিতে গেলে তো কথাই নেই। তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৮১। ৯০ রেটিং পয়েন্ট নিয়ে সাতে থাকা শ্রীলঙ্কার চেয়ে ব্যবধান তখন কমে আসবে অনেকটাই। সিরিজ ড্র হলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়বে পাঁচ।
অন্যদিকে অস্ট্রেলিয়ারই বরং ‘অর্জন’-এর হাতছানি কম। টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকাই এর কারণ। বাংলাদেশকে দুই ম্যাচের দু’টোতেই হারাতে পারলে রেটিং পয়েন্টে মোটে এক অগ্রগতি হবে অস্ট্রেলিয়ার। র্যাংকিং আগের মতই চার থাকবে। কিন্তু, একটা ম্যাচ হেরে গেলেই হতে পারে বিপদ। যদি সিরিজ ১-১ ড্র হয় তাহলে রেটিং পয়েন্ট তিন কমে আসবে স্মিথ-ওয়ার্নারদের। তারা চলে যাবে পঞ্চম অবস্থানে। এমনকি দুই টেস্টের সবগুলো ড্র হয়ে গেলেও একই অবস্থা হবে অস্ট্রেলিয়ার। একটি ম্যাচও না জিতে ১-০ ব্যবধানে সিরিজ হারলে রেটিং পয়েন্ট ছয় কমবে দলটির। যদি, দুই টেস্টের দুটিতেই হেরে যায় তাহলে আট রেটিং পয়েন্ট কমে গিয়ে ছয়ে নেমে আসবে দলটি।
অস্ট্রেলিয়া দুটি টেস্টই জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমবে তিন। অবস্থানের কোনো পরিবর্তন হবে না। ১-০ ব্যবধানে সিরিজ হারলে, মানে কোনো জয় ছাড়া একটি টেস্টে ড্র করলে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমবে না। ফলে বলা যায়, বাংলাদেশের চেয়ে অস্ট্রেলিয়ানদের ক্ষতির আশঙ্কাই বেশি!
ইত্তেফাক/আনিসুর
