ভাঙা সড়ক, ময়লার দুর্গন্ধে পথচলা দায়

আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ০১:৫২

নির্বাচনের দুই বছর পার হলেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের বেশির ভাগ সড়ক ভাঙাচোরা। সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকানপাট। ওয়ার্ডে নেই খেলার মাঠ, সরকারি কমিউনিটি সেন্টার। পানির সংকটও আছে। কিছু এলাকায় গ্যাসের সমস্যার কথা জানিয়েছেন স্থানীয়রা। ওয়ার্ড ঘুরে এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। মনিপুর, মধ্য ও উত্তর পীরেরবাগ, বড়বাগ এলাকা নিয়ে ওয়ার্ডটি গঠিত। প্রায় দুই বর্গকিলোমিটার আয়তনের এই ওয়ার্ডে দুই লক্ষাধিক লোকের বাস।

মিরপুর থেকে মনিপুর, পীরেরবাগ হয়ে আগারগাঁও পর্যন্ত নতুন ৬০ ফুট সড়কের অন্তত তিন জায়গায় রাখা হয়েছে ময়লার কয়েকটি কনটেইনার। এগুলো এলোমেলোভাবে রাখায় সড়কের প্রস্থ কমে গেছে। পরিচ্ছন্নতা কর্মীরা বাসা থেকে সংগ্রহ করা ময়লা এনে সড়কের ওপর ঢেলে কনটেইনারে তুলছেন। দুর্গন্ধে নাকাল পথচারী ও পরিবহনের যাত্রীরা। মনিপুর স্কুলের বালক শাখার মূল ফটকের খানিক দূরেই এমন কয়েকটি কনটেইনার রাখা। অভিভাবক মনোয়ারা বেগম বলেন, পীরেরবাগের বাসা থেকে স্কুলে আসা পর্যন্ত এমন কয়েক জায়গায় ময়লা পার হতে হয়। দুর্গন্ধে শিশুদের কষ্ট বেশি হয়। দেখতেও খারাপ লাগে।

৬০ ফুট নতুন রাস্তা নাম হলেও অবৈধভাবে দখল হওয়ায় সড়কটির অনেকাংশে প্রস্থ কমে এখন কোথাও ৩০, কোথাও ৪০ ফুট। সড়ক দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট এবং মোটর সাইকেল, গাড়ি ও রিকশা মেরামতের গ্যারেজ। বড়বাগ মোড়ে সড়কের ওপর সারি দিয়ে রাখা হয়েছে মহাখালী, ফার্মগেট পথে চলাচলকারী লেগুনা। এতে তৈরি হচ্ছে যানজট।

মোল্লাপাড়া এলাকার বারেক মোল্লা মোড়ে এসে সড়কটির একপাশের প্রস্থ ১০ ফুট হয়ে গেছে। পাশের জমির মালিকেরা সড়কের জায়গা বাঁশ-টিন দিয়ে ঘেরাও করে নিজেদের সীমানার ভেতরে নিয়ে নিয়েছেন। আরেক জায়গায় বাঁশের ঘেরাও দিয়ে তার মধ্যে গড়ে তোলা হয়েছে দোকানপাট।

ওয়ার্ডের বেশির ভাগ সড়ক ভাঙাচোরা। মূল সড়কগুলোর পাশাপাশি ভেতরের বিভিন্ন সড়ক খানাখন্দে ভরা। মধ্য পীরেরবাগ শিমুলতলা এলাকায় স্থানীয় বাসিন্দারা ইট ফেলে সড়কের গর্ত ভরাট করার চেষ্টা করেছেন। কয়েক দিন আগের বৃষ্টিতে সড়কে কাদা জমে আছে। শেষ কবে পিচঢালাই হয়েছে, বোঝার উপায় নেই। এলাকার বাসিন্দা মামুন হোসেন বলেন, প্রতিটি সড়কই চলাচলের অনুপযোগী।

ইত্তেফাক/নূহু