‘উদ্যোক্তা তৈরিতে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিদের কাজে লাগাতে পারে সরকার’

আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৬:২৫
ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোর বিনিয়োগে সঠিক জ্ঞান ও দক্ষতা থাকায় সরকারের উচিত সরাসরি বিনিয়োগ না করে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির মাধ্যমে বিনিয়োগ করা, এমন মন্তব্য করেছেন সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের কো-ফাউন্ডার এবং জাঙ্গল ভেঞ্চারস এর ম্যানেজিং পার্টনার জয়েশ পারেখ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরায় টাই ঢাকা এবং এন্ট্রিপ্রেনিউরস অর্গানাইজেশন আয়োজিত এক সেমিনারে এমন কথা বলেন তিনি।
 
এসময় তিনি  আরো বলেন, সিলিকন ভ্যালি এবং সিঙ্গাপুরের মতো বাংলাদেশ সরকারও ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিদের বিনিয়োগ তহবিলে সমপরিমাণ তহবিল দিতে পারে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন্ট্রিপ্রেনিউরস অর্গানাইজেশন বাংলাদেশের প্রেসিডেন্ট হোসেন খালেদ এবং টাই ঢাকার প্রেসিডেন্ট শামীম আহসান। সেমিনারটিতে বিভিন্ন ইন্ডাস্ট্রি, এসএমই, মন্ত্রণালয়, দূতাবাস এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।  
 
এন্ট্রিপ্রেনিউরস অর্গানাইজেশন এর বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হোসেন খালেদ বলেন, ‘ইও বাংলাদেশের লক্ষ্য অনুযায়ী এই জাতীয় ইভেন্টগুলো উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের প্রতি আগ্রহী হয়ে উঠতে উদ্বুদ্ধ করে। আমরা আশা করি যে বহির্বিশ্বের উদ্যোক্তারাও বাংলাদেশে ব্যবসা শুরু করার সুযোগ পাবে।’
 
শামীম আহসান বলেন, ‘তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে এখনও উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। অধিকাংশ উদ্যোক্তারাই বিনিয়োগকারী এবং উপযুক্ত মেন্টরের অভাবে ব্যবসার শুরুর দিকেই ক্ষতির সম্মুখীন হয়। টাই ঢাকার এই আয়োজনের  মাধ্যমে আমরা দেশীয় সম্ভাব্য উদ্যোক্তাদের সঙ্গে বিশ্বব্যাপী বিনিয়োগকারী এবং পরামর্শদাতাদের কৌশলগত সম্পর্ক তৈরির জন্য কাজ করছি। আমরা একটি এঞ্জেল বিনিয়োগ নেটওয়ার্ক তৈরির জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমি বিশ্বাস করি টাই ঢাকা দেশের একটি শক্তিশালী বিনিয়োগ পরিবেশ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে।’
 
ইত্তেফাক/সেতু