ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এখন প্রতিষ্ঠিত শক্তি। টেস্ট ক্রিকেটেও সংগ্রামের অধ্যায় পার হওয়ার পথে। বিশেষ করে দেশের মাটিতে যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধেই জয়ের স্বপ্নে বিভোর থাকে মুশফিক বাহিনী। এরই ধারাবাহিকতায় এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজটি জয়ের কথাই ভাবছে তারা।
নিজেদের ইতিহাসে টেস্টে চারবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছে বাংলাদেশ। যার মধ্যে তিনবারই ইনিংস ব্যবধানে হার। ১১বছর পর বদলে গেছে প্রেক্ষাপট। আসন্ন সিরিজের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচে জয় আশা করছে বাংলাদেশ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলছেন, সিরিজে দুটি ম্যাচই জেতা সম্ভব। তবে স্টিভেন স্মিথদের বিরুদ্ধে জিততে হলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে বাংলাদেশকে।
দুই টেস্টেই জয় সম্ভব কিনা প্রশ্নে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘আমার তো মনে হয় সম্ভব। সম্ভব না হওয়ার তো কিছু দেখি না। প্রত্যাশা দুই টেস্ট জেতা।’
ঘরের মাঠে ২০০৬ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিল বাংলাদেশ। ফতুল্লায় প্রথম টেস্টে খুব কাছাকাছি গিয়েও ম্যাচ হেরেছিল হাবিবুল বাশারের দল। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সময়ের বিবর্তনে শক্তিমত্তা কমেছে অস্ট্রেলিয়ার। অন্যদিকে সাদা পোশাকের ক্রিকেটে ক্রমেই মাথা তুলে দাঁড়াচ্ছে বাংলাদেশ। ধারাবাহিকভাবে ভালো খেলছেন তামিম-মুশফিকরা।
তারপরও অস্ট্রেলিয়াকে হারাতে সেরা ক্রিকেটটাই খেলতে হবে বলে জানালেন সাকিব। বিশ্বসেরা এ অলরাউন্ডার বলেন, ‘ওদের সংস্কৃতিটা এমন যে ওরা সব কন্ডিশনে মানিয়ে নিতে পারে। হয়তো কষ্ট হয়, হবেও। বৃষ্টি আছে, গরম আছে। তারপরও ওরা মানিয়ে নিবে। আগেও নিয়েছে। ওদেরকে হারাতে তাই আমাদের সেরা ক্রিকেটই খেলতে হবে। কন্ডিশন বা অন্য কিছুর উপর নির্ভর করে সিরিজ শুরুর চিন্তা করাটা মনে হয় না খুব একটা ভালো হবে। আমাদের চিন্তাই থাকা উচিত যে, আমরা যাতে যে কোনো পরিস্থিতি ওদের চেয়ে ভালোভাবে মোকাবিলা করতে পারি।’
দুই দলের বর্তমান অবস্থা মিলে অস্ট্রেলিয়াকে হারানোর এটাই সেরা সময় বাংলাদেশের জন্য। সাকিব অবশ্য এভাবে ভাবছেন না। ৩০ বছর বয়সী এ ক্রিকেটারের কাছে, দিন শেষে বাংলাদেশের জয়টাই মুখ্য।
অস্ট্রেলিয়াকে হারানোর এটাই সেরা সুযোগ কিনা জানতে চাইলে বাঁহাতি এ অলরাউন্ডার বলেছেন, ‘আমাদের দলের অবস্থা খুব ভালো। কিন্তু এটাই সেরা সুযোগ কিনা তা বলা মুশকিল। কারণ ওদের বিপক্ষে তো খেলিইনি আগে। খেললে আসলে বলতে পারতাম, আগের দলের সঙ্গে বেশি সুযোগ ছিলো নাকি এখনকার দলের সঙ্গে বেশি সুযোগ। ভালো-খারাপ বড় কথা নয়। বাংলাদেশ দল জিততে পারলে সেটাই বড় ব্যাপার।’
সব ধরনের কন্ডিশনে অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ। টেস্ট জয়ে বাংলাদেশকে ভালো করতে হবে সব বিভাগেই। সাকিব বলেন, ‘টেস্ট জিততে হলে সব দিকেই ভালো করতে হবে। আমাদের সব কিছুই ভালো করতে হবে। ব্যাটিংও ভালো করতে হবে। বোলিংও ভালো করতে হবে। ওরা যে দলই, যে পরিবেশই আসুক, ওরা সব সময়ই কঠিন প্রতিপক্ষ। বিশ্বের যে কোনো জায়গায় ওরা দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে; এটা ওদের চেয়ে ভালো কেউ পারে না। যদিও ওরা একটু অনভিজ্ঞ এখন। এবং ভারত ও শ্রীলঙ্কায় সাম্প্রতিক সময়ে ওদের পারফরম্যান্স তেমন ভালো নেই। আশা করবো সেটা যাতে এখানেও অব্যাহত থাকে আর আমরা ভালো করতে পারি!’
ইত্তেফাক/এমআর
