ইলিশা ফেরিঘাটের ৬ কি.মি. রাস্তা এখন শুধু দুঃখ

আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১৭:৩৯
 
ভোলা সদর উপজেলার পরানগঞ্জ থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক এখন শুধুই যাতায়াতের দুঃখ হিসেবে চিহ্নিত হয়েছে। বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর-চট্টগ্রাম মহাসড়কের এ অংশে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ঘটনাসহ যখন-তখন যানজটের সৃষ্টি হচ্ছে।
 
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ভোলা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে এ সড়কের পরানগঞ্জ থেকে সাড়ে ছয় কিলোমিটার সংস্কার করা হয়েছিল। গত বছর থেকেই সড়কে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। চলতি বর্ষা মৌসুমে পানি জমে সড়ক বেহাল হয়ে পড়েছে।
 
সরেজমিনে দেখা যায়, পরানগঞ্জ থেকে ইলিশা পর্যন্ত বড় বড় গর্তে পানি জমে আছে। সড়কের মাঝে উঁচু। দুই পাশ ঢালু। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো সড়কের মাঝ দিয়ে চলাচল করছে। একই দিক থেকে কোনো যানবাহন অতিক্রম করতে পারছে না। বিপরীত দিক থেকে দুটি যানবাহন অতিক্রম করার সময়ও সমস্যা দেখা দিচ্ছে। একটি যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকলেই সৃষ্টি হচ্ছে যানজট।
 
IMG0
 
পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজ মিয়ার বাড়ির সামনে থেকে ইলিশা ইসলামিয়া মডেল কলেজ পর্যন্ত আটকা পড়েছে কয়েক শত মালবোঝাই ট্রাক। যানবাহন ছাড়াই দুপুরে ইলিশা ঘাট থেকে একটি ফেরি ছেড়ে যাচ্ছে।
 
ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, 'দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাওয়ার জন্য ২৬ জেলার সহজ যোগাযোগের পথ এটি। ভোলার ইলিশার ছয় কিলোমিটার সড়ক জুড়ে বড় বড় গর্ত। সড়কেরও স্থায়িত্ব নেই। দীর্ঘদিন সংস্কার না করার ফলে এমন হয়েছে। এখন কেবল নামে গর্তে ইট ঢালছে।'
 
এ ব্যাপারে ভোলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, 'এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের অংশ। ১২ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা এখন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। আপাতত জরুরি ভিত্তিতে সড়কের গর্তে ইট, ইটের খোয়া ও বালু ফেলে কিছু সংস্কার করা হচ্ছে।'
 
ইত্তেফাক/জামান