জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গ্রান্ড ফ্লাওয়ার বলেছেন পাকিস্তানে খেলা ‘কতটা ঝুঁকিপূর্ণ; বিশ্ব একাদশের খেলোয়াড়রা সেটা জানেন। তবে লাহোরে তাদের জন্য গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় তারা সন্তুষ্ট। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুনরুজ্জীবিত করার প্রথম পদক্ষেপ হিসেবে আগামী মাসে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলবে বিশ্ব একাদশ। যে দলটির কোচের দায়িত্ব পালন করবেন ফ্লাওয়ার।
লাহোরে আগামী ১২ সেপ্টেম্বর থেকে চার দিনব্যাপী এ সিরিজের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করা হয়েছে। দলটির নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস এবং একমাত্র ভারত ছাড়া টেস্ট খেলুড়ে শীর্ষ দেশগুলোর তারকা খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে দলটি।
২০০৯ সালে শ্রীলংকা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের মাটিতে প্রথমবার বড় ধরনের এ সিরিজটি খেলতে লাহোর পৌঁছার আগে বিশ্বএকাদশ দুবাইতে দুই দিনের অনুশীলন ক্যাম্প করবে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রত্যক্ষ সহযোগিতায় এ সিরিজে প্রত্যেক খেলোয়াড়কে এক লাখ করে ডলার দেয়া হবে। পুরো আয়োজনের নেতৃত্বে থাকবেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) সাবেক চেয়ারম্যান গাইলস ক্লার্ক।
ইত্তেফাক/এমআর
