আগামী মাসে বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান সফর করবেন হাশিম আমলা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির আয়োজনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্ব একাদশের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান একাদশ। পাকিস্তানে এই সফর নিয়ে রীতিমতো রোমাঞ্চিত দক্ষিণ আফ্রিকার ড্যাশিং ব্যাটসম্যান হাশিম আমলা।
এক প্রেস ব্রিফিংয়ে আমলা বলেন, ‘আমি এই সিরিজের জন্য মুখিয়ে আছি। পাকিস্তানে গিয়েছিলাম ১০ বছর আগে। আমাদের কয়েকজনের কাছে মতামত জানতে চাওয়া হয়েছিল। আমরা বলেছি ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ও আইসিসি চাইলে আমাদের কোনো আপত্তি নেই। ইতোমধ্যেই নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে।’
নিরাপত্তা সংক্রান্ত কারণে দীর্ঘদিন ধরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না। তাই দেশটিতে ক্রিকেট ফেরাতে আইসিসি ও পিসিবির চেষ্টার অংশ হিসেবে এই সিরিজ আয়োজন। সিরিজের জন্য ইতোমধ্যে বিশ্ব একাদশ ঘোষণা করা হয়েছে। যেই দলে বাংলাদেশের তামিম ইকবালও রয়েছেন।
ইত্তেফাক/কেআই
