মোরাতা-ফ্যাব্রেগাসে এভারটনকে হারাল চেলসি

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ২১:৫৩
আলভারো মোরাতা ও সেস ফ্যাব্রেগাসের নৈপুণ্যে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়।  ঘরের মাঠে চেলসির দুটি গোলই হয় প্রথমার্ধে। সেস ফ্যাব্রেগাসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। অবশ্য ফ্যাব্রেগাসের গোলেও সহায়তা করেছেন স্পেনের এই ফরোয়ার্ড।
 
জয় সত্ত্বেও চেলসির অবস্থান আপাতত পয়েন্ট তালিকার ছয়েই আছে। মৌসুম শুরুর পর প্রিমিয়ার লিগে তিনটি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়ে দলটির অর্জন ৬ পয়েন্ট। তিন ম্যাচের সবকটিতে জেতা ম্যানচেস্টার ইউনাইটেড ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
 
ঘরের মাঠে ২৭তম মিনিটে দারুণ গোছানো আক্রমণে এগিয়ে যায় চেলসি। ডান দিক থেকে উইলিয়ানের পাস পেয়ে মোরাতার সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে পায়ের টোকায় জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাব্রেগাস। ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। সেই ব্যবধান বাকি সময়ে আর ভাঙতে পারেনি এভারটন।  
 
ইত্তেফাক/কেআই