আসেনসিওতে হার এড়াল রোনালদোহীন রিয়াল

আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৫:০৯
সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় রিয়াল মাদ্রিদের সূচনাটা প্রায় বেদনাবিদূরই হতে যাচ্ছিল। সেখানে রিয়ালের জন্য ত্রাতা হয়ে আসলেন মার্কো আসেনসিও। করলেন জোড়া গোল|। তার এই নৈপুণ্যে কোনোভাবে হার এড়াতে সক্ষম হয়েছে দলটি। রবিবার রাতে শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে রোনালদোবিহীন রিয়াল।
 
এই ম্যাচে পয়েন্ট খুইয়ে লা লিগার প্রথম দুই ম্যাচে রিয়ালের অর্জন ৪ পয়েন্ট। দলটির অবস্থান আপাতত পয়েন্ট তালিকার পাঁচে। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ৮ নম্বরে স্থান হয়েছে ভ্যালেন্সিয়ার|
 
ম্যাচের পুরো সময় জুড়ে দারুণ খেলেছেন মার্সেলো, লুকা মদ্রিচ, কাসেমিরোরাও। শুরুতে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভালেন্সিয়াও। ১০ মিনিটের মাথায় প্রতিপক্ষের ভুল পাস ধরে কিছুটা এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে দুজনের মধ্যে দিয়ে জোরালো শটে গোলটি করেন আসেনসিও। তবে ৮ মিনিটের ব্যবধানে স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সোলের গোলে সমতায় ফিরতে সক্ষম হয় ভালেন্সিয়া।  সমতা নিয়েই বিরতি যায় দুদল।
 
খেলার ৭৭ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় ভালেন্সিয়া। এ মৌসুমেই ইন্টার মিলান থেকে ধারে আসা ফরাসি মিডফিল্ডার কোনদোগবিয়া ১৬ গজ দূর থেকে নীচু শটে রিয়ালের জাল ভেদ করেন। তবে পাঁচ মিনিট পর দলকে সমতায় ফেরান আসেনসিও। ডান দিক থেকে কোনাকুনি ফ্রি-কিকে ভ্যালেন্সিয়ার জালে বল জড়ান তিনি।
 
ইত্তেফাক/কেআই