গত বছর এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে চোট পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। চোটের কারণে তার খেলার ভবিষ্যত নিয়েই অনেকে শঙ্কা প্রকাশ করতে শুরু করেন। সে কারণে ম্যাচের আগে ঢাকায় উড়িয়ে আনা হয় পার্থিব পটেলকেও। কিন্তু দলের প্রতি তিনি কতটা দায়বদ্ধ এর প্রমাণ ম্যাচের আগে প্রতিনিয়ত দিয়েছিলেন ধোনি। দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানালেন খেলা নিয়ে আগ্রহের কথা। বলেন ‘ধোনি আমায় ডেকে বলেছিল, যদি ওর একটা পা না-ও থাকে তবুও ও পাকিস্তানের বিপক্ষে খেলবে।’
প্রসাদ বলেন, ‘ম্যাচের আগের দিন ধোনিকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব ছিল না আমার কাছে। ঢাকায় গিয়ে আমি ধোনির সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করেছিলাম ওর মাঠে নামার বিষয়। তখন ও আমায় একটা কথাই বলেছিল, চিন্তা করার কিছু নেই এমএসকে ভাই।’
প্রসাদ আরও বলেন, “ওর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে দেশ থেকে পার্থিবকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু এমএস-এর মনের জোর ছিল তারিফ করার মতো। দল ঘোষণা করার আগে ওকে দেখে আমি তাজ্জব বনে যাই। যে এক দিন আগে পর্যন্ত হাঁটতে পারছিল না, সে তখন প্যাড পরে তৈরি।’
ইত্তেফাক/কেআই
