গ্র্যান্ডস্লামে শারাপোভার দুর্দান্ত প্রত্যাবর্তন

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৬:৩৭
দুর্দান্ত জয় দিয়ে গ্র্যান্ডস্লামে ফিরেছেন রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা সিমোনা হারিয়েছেন ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে| ওয়াইল্ড কার্ড নিয়ে টুর্নামেন্টে খেলতে এসেছিলেন শারাপোভা। তবে দুর্দান্ত এক চমকেই যাত্রা শুরু হলো তার।
 
নিউইয়র্কে দুই ঘন্টা ৪৪ মিনিটের লড়াইয়ের পর রোমানিয়ান তারকা হ্যালেপকে হারান শারাপোভা। ডোপিংয়ের অভিযোগে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে গত এপ্রিলে কোর্টে ফিরেছেন তিনি। এরপর মাঝে কিছুদিন চোটের কারণে খেলতে পারেননি।
 
র‌্যাঙ্কিংয়ে শারাপোভার বর্তমান অবস্থান ১৪৬তম। ওয়াইল্ডকার্ড নিয়ে বছরের শেষ এই গ্র্যান্ড স্ল্যামে খেলার সুযোগ পেয়েছেন ২০০৬ সালের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও অতীত রেকর্ডে ছয়বারের মুখোমুখি লড়াইয়ে প্রত্যেকটিতেই জিতেছিলেন এই রুশ তারকা। নিউইয়র্কে এবার সেই ধারাবাহিকতা অব্যাহত রাখলেন।   
 
ইত্তেফাক/কেআই