বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার চলে গেছেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। হঠাৎই ব্রাজিলিয়ান তারকার বিয়োগে কাতালান ক্লাবের আক্রমণভাগে কিছুটা শূন্যতা তৈরি হয়েছে। শূন্যতা পূরণে বার্সায় যোগ দিয়েছেন ফরাসি তরুণ উসমান দেম্বেলে।
তবে নিজেকে নেইমারের বিকল্প ভাবছেন না দেম্বেলে। জানিয়ে দিলেন, ‘আমি এখানে নেইমারের শূন্যতা পূরণ করতে আসিনি। এই জায়গায় তাদের একজন খেলোয়াড় দরকার। তারা আমাকে ডেকেছে এবং এই ক্লাবের জন্য আমি আমার সবটুকু দেবো। আমার বয়স ২০। আমার অনেক কিছু শেখার আছে। আর এই কারণেই আমি এই ক্লাবে।’
সোমবার বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেন ২০ বছর বয়সী ফরাসি এই খেলোয়াড়। প্রাথমিকভাবে ১০ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে তাকে দলে নিয়েছে কাতালান ক্লাবটি। এর সঙ্গে আরও কিছু যোগ হয়ে মোট অঙ্ক দাঁড়াতে পারে ১৪ কোটি ৭০ লাখ ইউরো। সেক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবলার হবেন দেম্বেলে।
ইত্তেফাক/কেআই
