যে কোনো মূল্যে পরমাণু লক্ষ্য পূরণের অঙ্গীকার কিমের

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩২
 
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যে কোনো মূল্যে পরমাণু লক্ষ্য পূরণের অঙ্গীকার করেছেন। তিনি সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্রের সমান হওয়ার কথাও বলেছেন। তিনি বলেছেন, সামরিক শক্তি এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যাতে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হুমকি দিতে না পারে। এদিকে চীন উত্তর কোরিয়া নিয়ে হুমকি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের
 
কিম জং উনের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, আমাদের চূড়ান্ত লক্ষ্য পরমাণু সক্ষমতা অর্জন করা। আমরা যুক্তরাষ্ট্রের সমান সামরিক শক্তিও অর্জন করতে চাই এজন্য যে মার্কিন শাসকদের এটা বুঝিয়ে দেওয়া হবে যাতে তারা হুমকি দেওয়ার আগে চিন্তা করবেন। কিম জানান, তার দেশ পরমাণু প্রকল্পে অনেকদূর এগিয়েছে, প্রায় শেষের দিকে। উত্তর কোরিয়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রেও হামলা চালানোর হুমকি দিয়েছে।
 
ওয়াশিংটনে চীনের রাষ্ট্রদূত চুই তিয়ানকাই সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি-ধমকি থেকে দূরে থাকা উচিত। সত্যিকারে বলতে গেলে আমার মনে হয়, যুক্তরাষ্ট্রকে আরো বেশি কিছু করা উচিত যাতে আন্তর্জাতিকভাবে  একটা সংলাপে বসে সমঝোতায় আসা যায়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যান্য মার্কিন কর্মকর্তারা বলে আসছেন, উত্তর কোরিয়াকে থামাতে চীনকে উদ্যোগ নিতে হবে। না হলে চীনের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম নিয়ে ভেবে দেখা হতে পারে।
 
ইত্তেফাক/আনিসুর