বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহ’র মেয়েকে অপহরণকালে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে পিস্তলসহ আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। সোমবার রাত ৯টার দিকে রূপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, প্যানেল মেয়রের মেয়ের নাম সামান্তা ইসলাম (২২)। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী। বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিম দেওয়ান (২৬)তার আরও ২ সহযোগীসহ সামান্তাকে একটি প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে নিয়ে যাচ্ছিল।
গাড়িটি রূপগঞ্জ ফেরিতে উঠামাত্র মেয়েটি চিৎকার শুরু করলে ফেরিঘাটের লোকজন ও স্টাফরা তাদের ঘেরাও করে। এ সময় কৌশলে অসিমের দুই সহযোগী পালিয়ে যায়। জনতা অসিমকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গাড়ি চালক বাগেরহাট জেলার সিরাজ মোল্লার ছেলে লিটন মোল্লাকে আটক করে গাড়িটি জব্দ দেখিয়ে থানায় নিয়ে আসে।
পুলিশ গাড়িতে তল্লাশী চালিয়ে একটি ৭ পয়েন্ট ৬ বোরের পিস্তল উদ্ধার করে। গাড়ি চালক লিটন পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে তাকে সোনারগাঁওয়ের মোগড়াপাড়া যাবার কথা বলে রাজধানীর এ্যাপোলো হাসপাতাল থেকে ভাড়া করে। পরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তারা অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েটিকে অপহরণ করে। পরবর্তীতে ভয় দেখিয়ে তাদের দিকনির্দেশনা অনুসারে গাড়ি চালাতে বাধ্য করে।
এ ব্যাপারে বিসিসি প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহ জানান, অসিম একজন বখাটে ছেলে। সে প্রায়ই আমার মেয়েকে অপহরণের হুমকি দিত। এ জন্য আমি তাকে ঢাকায় রেখে পড়াশোনা করাতাম।
ইত্তেফাক/নূহু
