মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেছেন, সৌদি আরবকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়ার সুযোগ যুক্তরাষ্ট্র দেবে না। মার্কিন টেলিভিশন সিবিএসকে দেওয়া সাক্ষাত্কারে মাইক পম্পিও এই কথা বলেন। সৌদি আরব পরমাণু অস্ত্র তৈরির প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। খবর সিএনএনের
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেছেন, কেবল সৌদি আরব নয়, বিশ্বের কোনো দেশকে পরমাণু অস্ত্র তৈরি করাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। পরমাণু অস্ত্রের বিস্তার যে কতটা ক্ষতিকর তা প্রেসিডেন্ট বুঝতে সক্ষম হয়েছেন। পম্পিও বলেন, আমরা কখনো সৌদি আরবকে ১৫০ মিলিয়ন ডলারের চেক লিখে দেবো না যাতে দেশটি পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারে। কারণ ওই অস্ত্র ভবিষ্যতে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে। ফলে আমরা সেটা কখনো মেনে নেবো না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাবেক পর্যবেক্ষক রবার্ট কেলি বলেছেন, স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, রিয়াদের উপকূলবর্তী এলাকায় একটি পরমাণু রিঅ্যাক্টরের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। তিন মাস আগে সৌদি আরব এই রিঅ্যাক্টর তৈরির কথা বলেছিল। কেলি জানান, আগামী ৯ মাসের মধ্যে রিঅ্যাক্টরটির কাজ শেষ হবে। সৌদি আরব বলেছিল, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই রিঅ্যাক্টরটি নির্মাণ করা হচ্ছে। যদিও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারলে সৌদি আরব কেন পারবে না।
