ঢাবির ৬ ইমেরিটাস অধ্যাপককে সম্মাননা জানাবে ডুয়া

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বর্তমান ছয়জন ইমেরিটাস অধ্যাপককে সম্মাননা ও ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্বর্ণপদক ২০১৭’প্রদান করবে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)। 
 
ডুয়ার ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ অক্টোবর বিকেলে অ্যালামনাই ফ্লোরে এই সম্মাননা ও পদক প্রদান করা হবে। এ ছাড়া ডুয়ার প্রতিষ্ঠাতা সভাপতি বিচারপতি মোহাম্মদ ইব্রাহিমকেও মরণোত্তর সম্মাননা ও স্বর্ণপদক দেয়া হবে। 
 
রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ডুয়ার কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
 
যে ছয়জন ইমেরিটাস অধ্যাপককে সম্মাননা ও স্বর্ণপদক দেয়া হবে তারা হলেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ইমেরিটাস অধ্যাপক ড. সুলতানা সারওয়াতারা জামান, দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মতীন, ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের ইমেরিটাস অধ্যাপক ড. নাজমা চৌধুরী এবং ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মকোলজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আবুল কালাম আজাদ চৌধুরী।
 
সম্মাননা ও স্বর্ণ পদক প্রদান অনুষ্ঠানে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডুয়ার সভাপতি এ.কে আজাদ, সহ-সভাপতি মুনিরা খান, মহাসচিব রঞ্জন কর্মকার, কোষাধ্যক্ষ দেওয়ান রাশিদুল হাসান প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি