সড়কের উল্টো পথে চালতে গিয়ে এবার ধরা খেলো খোদ পুলিশের এক বড় কর্মকর্তার গাড়ি। গতকাল মঙ্গলবার বিকালে তৃতীয় দিনের অভিযানে রাজধানীর বিজয় সরণীর মোড়ে একজন অতিরিক্ত ডিআইজির গাড়ি ট্রাফিক পুলিশের হাতে আটকে যায়। এছাড়া হেয়ার রোডে উল্টো পথে গিয়ে জরিমানা দিতে হয়েছে একজন মেজরের ব্যক্তিগত গাড়ির চালককে। তবে গতকাল রাজধানীতে উল্টো পথে চলা মোটরসাইকেল দেখা গেলেও উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাদের গাড়ি তেমন একটা দেখা যায়নি। অভিযানের ফলে উল্টো পথে গাড়ি চলাচল তুলনামূলক কম ছিল বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল চলমান অভিযান সম্পর্কে বলেন, সব সময় উল্টো পথে গাড়ি না চালানোর আহবান জানানো হচ্ছে। কোনো কোনো রাস্তায় অনেক সময় যানজট লেগেই থাকে, এর মানে এই নয়, তারা (উচ্চপদস্থ কর্মকর্তা) ফাঁকা পেয়ে উল্টো পথে গাড়ি চালাবেন। এতে বড় যানজট লেগে যায়। তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। তিনি মনে করেন ট্রাফিক পুলিশের অভিযানে উচ্চপদস্থ কর্মকর্তাদের উল্টো পথে গাড়ি চালানো বন্ধ হবে।
ডিএমপির ট্রাফিক পুলিশ বিভাগ জানায়, দু’টি এলাকায় অভিযানে উল্টা পথে গাড়ি চালানোর অপরাধে মোট ৫৯ মামলা করা হয়েছে। এরমধ্যে বিজয়সরণীর মোড়ে চলা অভিযানে ৫০টি গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে। হেয়ার রোডে ৯টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। তবে মোট মামলার মধ্যে ৫৪টি মামলা মোটরসাইকেলের বিরুদ্ধে।
বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এক ঘণ্টা হেয়ার রোডে অবস্থান করে দেখা যায়, উল্টো পথে কোনো ভিআইপি বা উচ্চপদস্থ কর্মকর্তার কোন গাড়ি চলেনি। অভিযানে থাকা রমনা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার বলেন, হেয়ার রোড থেকে বাংলামোটর পর্যন্ত অভিযান চালিয়ে উল্টো পথে যাওয়ার সময় একজন মেজরের ব্যক্তিগত গাড়ির চালক ও একটি সিএনজি চালিত অটোরিকশা চালকের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা করা হয়। এ ছাড়া সাতটি মোটরসাইকেলকেও জরিমানা করা হয়েছে।
অপরদিকে পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগ বিজয় সরণী মোড়ে বিকাল পাঁচটা থেকে অভিযান শুরু করে। এসময় একজন অতিরিক্ত ডিআইজির গাড়ি উল্টো পথে যাওয়ার সময় ট্রাফিক সদস্যরা সেটি থামিয়ে দেয়। এরপর চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। তবে গাড়িতে বসে থাকা অতিরিক্ত ডিআইজি তার নাম বলতে চাননি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারাও তার নাম বলেননি। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লাবাহী একটি গাড়ি ও একটি মাইক্রোবাসকেও জরিমানা করা হয়। পুলিশের ট্রাফিক বিভাগের (উত্তর) যুগ্ম কমিশনার আব্দুর রাজ্জাক জানান, ৪৭টি মোটরসাইকেলসহ ৫০টি গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
