জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহায়তায় দুটি সহায়তা কেন্দ্র খুলেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের সামনে ও পদার্থ বিজ্ঞান বিভাগের পাশে এ দুটি কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের বিভিন্ন সেবা দিচ্ছেন তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল জানান, প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করা ও কেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে আমাদের কর্মীরা। এমনকি কোনো পরীক্ষার্থী যেন হয়রানী ও প্রতারণার শিকার না হয় সেদিকেও আমরা নজর রাখছি।
তারা আরো জানান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীদের জন্য হলে আবাসনের ব্যবস্থাও করা হয়েছে। এর জন্য প্রত্যেক হলে ছাত্রলীগের কমিটিও করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত প্রায় বিভিন্ন হলে প্রায় এক হাজার ভর্তিচ্ছু তাদের তত্ত্বাবধানের রয়েছে বলে তারা জানান।
এমন উদ্যোগ সম্পর্কে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন, ছাত্রলীগ সব সময় সাধারণ শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করে। বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে ধারণা ও ছাত্রলীগের পতাকা তলে শিক্ষার্থীদের আহ্বানের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইত্তেফাক/কেকে
