বন্যার্তদের এক দিনের বেতন দিল জাবি শিক্ষকরা

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ২০:৩৯
 
বন্যার্তদের দুর্ভোগ লাঘবে নিজেদের একদিনের বেতন প্রদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা। রবিবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি বলেন, 'শিক্ষক সমিতি গত ৫ অক্টোবর কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ৮ গ্রামের ৫০০ পরিবার এবং ৬ অক্টোবর গাইবান্ধা জেলার ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের ৪টি গ্রামের ২শ' পরিবারকে এ সহায়তা দেন তারা। প্রতিটি পরিবারকে নগদ দুই হাজার করে মোট ১০ লাখ টাকা প্রদান করা হয়। শিক্ষক সমিতির তত্ত্বাবধানে প্রকৃত দুর্গতদেরকে বাছাই করে উক্ত এলাকার প্রশাসনের সাথে সমন্বয় করে দুর্গতদেরকে এ সাহায্য দেওয়া হয়।
 
প্রথমে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীকে ওই অঞ্চলে পাঠানো হয়। তারাই বাছাই করে ৫শ'টি পরিবারের তালিকা তৈরি করে। সাহায্য প্রদানের সময় স্থানীয় প্রশাসনের পাশাপাশি অন্যান্যের মধ্যে জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমেদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. খোরশেদ আলম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আওলাদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এ বিষয়ে অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, 'আমি মনে করি, জাবি শিক্ষকদের এই ত্রাণ প্রদান জাতীয় মানবিক বিপর্যয়ে শিক্ষকদের সহায়তার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে।'
 
ইত্তেফাক/জামান