২০১৫ সালের বিএসএস সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ১ জন মেধাবী ছাত্রী ‘তাজউদ্দীন আহমদ শান্তি স্বর্ণপদক’ লাভ করেছেন।
এছাড়া, একই বিভাগের আরেকজন ছাত্রীকে ‘তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। রচনা প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান লাভ করায় বিভিন্ন বিভাগের ৫ জন শিক্ষার্থীকে ‘তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড পুরস্কার’ প্রদান করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ছাত্রী আদিবা সুলতানা মিম ‘তাজউদ্দীন আহমদ শান্তি স্বর্ণপদক’ লাভ করেন। একই বিভাগের ২য় বর্ষের ছাত্রী মাহাবুবা ইসলাম মীমকে ‘তাজউদ্দীন আহমদ বৃত্তি’ প্রদান করা হয়। এছাড়া, অর্পিতা হক (ইংরেজি), নিরঞ্জন বিশ্বাস সৈকত (আইন), মো. শফিকুল ইসলাম (নৃবিজ্ঞান), আতাউর রহমান মারুফ (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট) এবং মো. ফরিদুল ইসলাম (প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স স্টাডিজ) ‘তাজউদ্দীন আহমদ ট্রাস্ট ফান্ড পুরস্কার’ লাভ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এসব কৃতী শিক্ষার্থীদের হাতে পদক, বৃত্তি ও পুরস্কার তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ‘তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ এই অনুষ্ঠানের আয়োজন করে। বাসস।
ইত্তেফাক/এমআই
