ঢাকায় ইথিক্যাল হ্যাকারদের সিকিউরিটি কনফারেন্স

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৭:১০
বাংলাদেশের হ্যাকারদের নিয়ে শনিবার রাজধানী ঢাকার একটি হোটেলে দেশীয় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটলস সাইবার সিকিউরিটি লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইথিক্যাল হ্যাকারদের সিকিউরিটি কনফারেন্স ‘হ্যাকট্যাগ ২০১৭’ । 
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে সাইবার নিরাপত্তার জন্য অনেকেই কাজ করছেন। ভবিষ্যতে এ দেশের সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য এখনই কাজ করতে হবে। যাতে এ দেশের দক্ষ সাইবার নিরাপত্তা কর্মী গড়ে উঠে এবং তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের সাইবার স্পেসের নিরাপত্তা আরও শক্তিশালী হয়। 
 
বক্তারা আরও বলেন, দেশে বিভিন্ন হ্যাকার গ্রুপ বিচ্ছিন্নভাবে দেশের জন্য কাজ করছেন। তবে সকল হ্যাকার গ্রুপের মধ্যে সমন্বয় না থাকার কারণে এ কাজে গতি আসছে না। বিটলস এ ক্ষেত্রে সমন্বয়ের কাজ করছে। এই লক্ষে একটি প্লাটফর্ম তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্রাটেজিক অফিসার সুমন আহমেদ সাবির, বিটলসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুকিত হালিম, পরিচালক নাহিদুল কিবরিয়া, শাহী মির্জা, তারেক সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণ করা ইথিক্যাল হ্যাকারদেরকে একটি প্রতিযোগিতায় (সিটিএফ) অংশগ্রহন করতে দেওয়া হয়। প্রতিযোগিতায় হ্যাকারদেরকে সাইবার নিরাপত্তা বিষয়ক সমস্যা সমাধান করার পাশাপাশি সিস্টেমের নিরাপত্তা ত্রুটি বের করতে বলা হয়। সেখান থেকে বিজয়ী সেরা তিনজন হ্যাকারকে পুরস্কৃত করে বিটলস।
 
ইত্তেফাক/রেজা