দুপচাঁচিয়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৯:৪৫
 
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার একটি খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩০) অর্ধ নগ্ন ও গলিত মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার গুনাহার ইউনিয়নের উনাহত সিংড়া শাখার নিশিন্দা খালের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
 
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে এলাকার লোকজন ওই মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
 
দুপচাঁচিয়া থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ জানা যায়নি। এমনকি তার পরিচয়ও নিশ্চিত করা যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে। 
 
ইত্তেফাক/কেকে