ফেসবুকে পরিচয়, তারপরে প্রেম। একপর্যায় স্বামীর বাড়ির মালামাল ট্রাক বোঝাই করে গত শনিবার ঢাকা থেকে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্রেমিকের বাড়িতে চলে আসেন প্রেমিকা। সাথে নিয়ে আসেন দুই সন্তানও। স্বামীর মামলা দায়েরের পর যাত্রাবাড়ী থানা পুলিশ রোমানা আফরোজ নামের ওই গৃহবধূ ও তার প্রেমিক মিরনকে গতকাল সোমবার ভাণ্ডারিয়া থেকে গ্রেফতার করে।
ভাণ্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, রোমানার স্বামী শওকত হোসেন সৌদিতে থাকেন। দুই ছেলে রায়হান ও নূর হোসেনকে নিয়ে রোমানা থাকতেন স্বামীর বাড়ি ঢাকার যাত্রাবাড়ীর গোবিন্দপূর বাগানবাড়ী এলাকার আয়শা মঞ্জিলে। ফেসবুকে রোমানার পরিচয় হয় আরেক সৌদি প্রবাসী রিয়াজ মোহম্মদ মিরনের সাথে। রিয়াজ মোহম্মদ মিরনের বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামে। পরিচয়ের পর রিয়াজের সাথে প্রেম করেন রোমানা। গত শনিবার রোমানা আফরোজ তার দুই ছেলে রায়হান ও নূর হোসেন ও স্বামী শওকতের ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার আসবাবপত্রসহ প্রায় ৪৯ লাখ টাকার মালামাল দুইটি ট্রাকে ভর্তি করে প্রেমিক মিরনের ভাণ্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামে চলে আসেন।
ওসি আরও জানান, এ ঘটনায় রোমানার স্বামী শওকত হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। সোমবার যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক জাকির হোসেন ভাণ্ডারিয়া থানা পুলিশের সহায়তায় ভাণ্ডারিয়া উপজেলা হেতালিয়া গ্রাম থেকে প্রেমিক যুগলকে গ্রেফতার করে এবং মালামাল জব্দ করে ঢাকায় নিয়ে আসে। যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক জাকির হোসেন জানান, তাদেরকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।
ইত্তেফাক/জামান
