কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীতে যুবদলের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। পুলিশের লাঠিচার্জে জেলা যুবদলের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ২০ নেতাকর্মী আহত হন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে সদর রোড অতিক্রমকালে পুলিশ বাধা দেয়। পুলিশের লাঠিচার্জে জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব, সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু সহ ২০ নেতাকর্মী আহত হন।
কোতোয়ালি মডেল থানার এসআই মো. আ. কুদ্দুস মোল্লা জানান, কোনো ধরনের প্রশাসনিক অনুমতি ছাড়াই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল যুবদল। সমাবেশ শেষে তারা মিছিল বের করতে চাইলে বাধা দেওয়া হয়। তবে বাধা অতিক্রম করে যুবদলের নেতাকর্মীরা সদর রোডে বের হলে পুনরায় বাধা দিয়ে মিছিল পণ্ড করে দেয়া হয়। জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশ লাঠিচার্জ করে।
অপরদিকে দুপুরে নগরীর ফজলুল হক এভিনিউতে কেন্দ্রীয় ছাত্রলের সদস্য মহানগর যুগ্ম আহ্বায়ক এসএম ইয়াসির আরাফাত মিন্টুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
ইত্তেফাক/ আরকেজি
