ঝিনাইদহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোহা. জাকির হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন মন্তব্য ও জাতীয় পতাকা অবমাননা করে ফেসবুক বিভিন্ন পোস্ট দেয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের সচিব মো. শহীদউল্লা খন্দকার সোমবার এ প্রজ্ঞাপন জারি করেন। বুধবার চিঠিটি জেলা গণপূর্ত অফিসে এসেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. জাকির হোসেন ফেসবুক থেকে প্রধানমন্ত্রী এবং জাতীয় পতাকা অবমাননা করে বিভিন্ন ধরনের অশালীন মন্তব্য করেছেন যা সরকারি কর্মচারী হিসেবে অসদাচরণের শামিল। তাই তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বুধবার চিঠিটি ঝিনাইদহ গণপূর্ত অফিসে এসেছে।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, জাকির হোসেন জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদানের পর তার সম্পর্কে খোঁজ খবর নেয় পুলিশ। তার ফেসবুকে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সচিবসহ বিভিন্ন ব্যক্তি সম্পর্কে আপত্তিকর পোস্ট পাওয়া যায়। এসব পোস্ট ২০১৩ সালে দেশব্যাপি তাণ্ডব ও আগুন সন্ত্রাসকালে দেওয়া হয়। তারপর তিনি ব্রিটেনে পড়াশুনা করতে যান। এক বছর পর ফিরে এসে ফের যোগদান করেন।
পোস্টগুলো এতদিন ধরে তার ফেসবুকে রয়ে যায়। তাকে পুলিশ সুপারের অফিসে ৪ আগস্ট ডেকে এনে আপত্তিকর পোস্টগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সঠিক উত্তর দিতে পারেননি।
ইত্তেফাক/আরকেজি
