ময়মনসিংহের ফুলপুর উপজেলায় রোপা আমন মৌসুমের মাঝামাঝি আকস্মিকভাবে ক্ষেতে পাতা মরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে ফলন বিপর্যয়ের আশংকায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক।
মৌসুমের শুরুতে প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে ইরি-বোরো ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির ধাক্কা সামলাতে না সামলাতেই পাতা মরা রোগ এ অঞ্চলের কৃষকদের মরণ কামড় দিয়েছে।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানায়, চলতি মৌসুমে ফুলপুর উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ২১ হাজার ৫ শ’ হেক্টর জমিতে। তন্মধ্যে আবাদ হয়েছে ২০ হাজার ৮শ’ ৭০ হেক্টর।
পাতামরা রোগে আবাদি জমির ধানের আগা লাল হয়ে শুকিয়ে যাচ্ছে। এর বিস্তার বেড়েই চলছে। এ রোগ দমনে রাসায়নিক কীটনাশক ব্যবহার করেও সুফল পাচ্ছে না কৃষকরা। নিরুপায় হয়ে উপজেলা কৃষি অফিসে নিত্যদিন বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা পরামর্শ নিতে আসছেন। অভিযোগ উঠেছে, কৃষি অফিসের ব্যবস্থাপত্রের ওষুধ বাজারে পাওয়া যাচ্ছে না।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিদ্দিকুর রহমানের স্থানীয় সাংবাদিকদের জানান, এতে ধানের ফলনে তেমন একটা প্রভাব পড়বে না। চলতি মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় নাইট্রোজেনের মাত্রা বেড়ে পাতা নরম হয়ে পাতামরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তারা কৃষকদের পরামর্শ দিতে লিফলেট বিতরণ করছেন।
গেল ইরি-বোরো চাষ করে ধানের ন্যায্য মূল্য না পেয়ে হতাশ হয়েছিল কৃষক। বর্তমানে ধানের উচ্চমূল্য থাকায় আমন ধানে লাভের স্বপ্নে আশায় বুক বেঁধে ছিল কৃষক। কিন্তু পাতা মরা রোগ তাদের সব স্বপ্ন মিথ্যে করে রাতের ঘুম হারাম করে দিয়েছে।
ইত্তেফাক/নূহু
