বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এবার অষ্টম শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে সুমন নামে এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সুমন উপজেলার সদর ইউনিয়নের খোলাসপাড়ার মহসিনের ছেলে।
রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
দুপচাঁচিয়া থানার এসআই আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে সুমন উত্যক্ত করে আসছিলো। এ ঘটনায় রবিবার মেয়ের বাবা ও তার মা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
পরে ইউএনও’র নির্দেশে বিকেলে খোলাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুমনকে আটক করে পুলিশ। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ওই মেয়াদে সাজা দেন বলে জানান এসআই আইয়ুব হোসেন।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর দুপচাঁচিয়ায় উপজেলার জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রোজিফা আক্তার সাথীর (১৫) ও চামরুল ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোস্তফাপুর বাসাগাড়ি এলাকায় গত ৯ অক্টোবর সন্ধ্যায় মিলি খাতুন (১৪) বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়ে আত্মহত্যা করে।
ইত্তেফাক/কেকে
