ব্রাহ্মণবাড়িয়ায় দুইটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ০০:৪১

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দূরবর্তী গ্রামের স্কুলের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের অর্থায়নে গতকাল সোমবার সদর উপজেলার সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মালিহাতা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। দূরবর্তী শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে আগ্রহী করতে সদর উপজেলা পরিষদের উদ্যোগে এসব সাইকেল বিতরণ করা হয়।

এ উপলক্ষে  সুহিলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সাইকেল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

সাইকেল বিতরণকালে বিদ্যালয় দুটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা আক্তার খানমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস সামাদ আকন্দ, সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাদ হোসেন হাজারী আঙ্গুর, সুহিলপুর জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার।

স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।

ইত্তেফাক/নূহু