জাবিতে দিনে ভর্তি পরীক্ষা, রাতে রেজাল্ট

আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২২:৫৬

আইন অনুষদ (‘এফ’) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া পরীক্ষা প্রতিদিন বিভিন্ন শিফটে অনুষ্ঠিত হলেও বেশিরভাগ পরীক্ষার রেজাল্ট রাতেই প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যার কারনে এটিকে ইতিবাচক হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয়ে আসা ভর্তি পরীক্ষার্থীরা।

সাধারণত অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কয়েকদিন পরে রেজাল্ট প্রকাশিত হওয়ায় এটিকে মাইলফলক বলছেন তারা।

এদিকে আজ মঙ্গলবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার রেজাল্টও ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://ju-admission.org/apply/result পাওয়া যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে এবার ফলাফলসহ সকল আবেদন প্রক্রিয়া তত্ত্বাবধায়নে ছিলো আইআইটি বিভাগ। এ বিষয়ে আইআইটি বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক আক্কাস আলী বলেন, বিশ্ববিদ্যালয় থেকে এবার আইআইটিকে ভর্তির সকল কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছিলো। আগে যেখানে ভর্তি আবেদনের জন্য টেলিটককে কোটি কোটি টাকা দেওয়া হতো, তা এবার আইআইটি বিভাগ সামান্য খরচে করেছে।

অন্যদিকে এত দ্রুত রেজাল্টের বিষয়ে তিনি বলেন,‘অন্যরকম সফ্টওয়ার’র অধীনে ইমেজ স্কেনার মেশিনের মাধ্যমেই এমন দ্রুত রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়েছে। তারা প্রতি শিফটের ওএমআর পেপার পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মূল্যায়ন করেছে। আর তাই রাতেই রেজাল্ট দিতে আমাদের কোন সমস্যা হয়নি।

রেজাল্টের মধ্যে কোন রকম গরমিল হচ্ছে কিনা এ বিষয়ে তত্ত্বাবধায়নের জন্য অধ্যাপক আক্কাস আলী ছাড়া আরো এ কমিটিতে ছিলেন, প্রো-ভিসি অধ্যাপক আবুল হোসেন, অধ্যাপক শাহেদুর রশিদ, সহযোগী অধ্যাপক নাজমুল হোসেন।

ইত্তেফাক/নূহু