রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাবেন জর্ডানের রানি: ইউএনএইচসিআর

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ০০:০৮
মিয়ানমারে ‘জাতিগত নিধনের’ মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। রানির দপ্তরের পক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, আগামী সোমবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন।     
 
বিবৃতিতে বলা হয়, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইসিআর) পর্ষদ সদস্য এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাগুলোর একজন দূত হিসেবে রানি রানিয়া আল আবদুল্লাহ বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখবেন, যাতে দুর্দশায় থাকা মানুষের জন্য জরুরি সহায়তার পরিমাণ দ্রুত বাড়ানো সম্ভব হয়।   
 
রানি রানিয়া কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এবং আশপাশের এলাকা ঘুরে দেখবেন এবং মিয়ানমার থেকে আসা নারী ও শিশুদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতার কথা শুনবেন। আইসিআর, ইউএনএইচসিআর, ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার ত্রাণ কার্যক্রমও তিনি পরিদর্শন করবেন।
 
কক্সবাজার সফর শেষে এক বিবৃতিতে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করবেন জর্ডানের রানি। 
 
ইত্তেফাক/রেজা