মঙ্গলবার সন্ধ্যাবেলা। মুম্বাই শহরের ব্যস্ত রাস্তায় এক তরুণীকে চড়-থাপ্পড়, ঘুষি মেরেই চলেছে এক যুবক। কিশোরীটি আটকানোর বৃথা চেষ্টা করছে অসহায় ভাবে। চারপাশ দিয়ে পথচারীরা আসছে, যাচ্ছে, কেউ দাঁড়িয়েও পড়ছে, অথচ কেউই ওই যুবককে ঠেকানের চেষ্টা পর্যন্ত করছে না। বেধড়ক মার খেতে খেতে এক সময় রাস্তাতেই বেহুঁশ হয়ে পড়ে মেয়েটি। ওই সন্ধ্যায় এমন দৃশ্যের সাক্ষী থাকল মুম্বাইয়ের নেহেরু নগর।
পুরো ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরাতেও। সেটিই এখন ভাইরাল হয়ে গেছে।
পুলিশ সূত্রে জানাযায়, সেলাইয়ের ক্লাস থেকে সহপাঠীর সঙ্গে ফিরছিল ওই তরুণী। ফেরার পথে সে দেখতে পায় ইমরান শাহিদ শেখ নামে তারই এক প্রতিবেশী যুবক বন্ধুদের সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলছে। মেয়েদের দিকে অশ্লীল মন্তব্য ছুড়ে দিচ্ছে। যেটা তারা প্রায়ই করে। তরুণী এগিয়ে গিয়ে ইভটিজিংয়ের প্রতিবাদ করে। ব্যস! ওটাই ছিল তার ‘অপরাধ’।
এক জন মেয়ে এসে তাকে আস্তে কথা বলার পরামর্শ দিচ্ছে এটা কোনও ভাবেই মেনে নিতে পারেনি ইমরান। আচমকাই ওই কিশোরীর উপর ঝাঁপিয়ে পড়ে সে। পর পর গায়ের জোরে চড় মারতে থাকে। কিশোরী প্রতিরোধ করার চেষ্টা করেও ইমরানের সঙ্গে কুলায় উঠতে পারেনি। এরই মধ্যে ইমরানের একটি ঘুষিতে কিশোরী জ্ঞান হারিয়ে ফেলে।
এরপর ওই তরুণীর বন্ধুরা তার বাড়িতে খবর দেয়। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় পরে তাকে ঘাটকোপার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ ঘটনায় কিশোরী ও তার পরিবার ইমরানের নামে নেহেরু নগর থানায় অভিযোগ দায়ের করে।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত কাজ শুরু হয়েছে। নিউজ১৮।
ইত্তেফাক/ রেজা
