টিপু সুলতান নির্মম খুনি ও ধর্ষক : বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৮:২৪
মহীশুরের বাঘ বলে খ্যাত টিপু সুলতানের জন্ম জয়ন্তীতে আমন্ত্রণ দেয়ায় চরম ক্ষিপ্ত হয়েছেন ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকারের কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে। টুইটারে আমন্ত্রণ দেয়ায় ক্ষিপ্ত হয়ে দেয়া পোস্টে টিপু সুলতানকে নির্মম খুনি, উন্মাদ ও গণধর্ষণকারী হিসেবে অভিহিত করেন।
 
কর্ণাটকের মুখ্যসচিব ও উত্তর কন্নড়ের ডেপুটি কমিশনারকে দেয়া চিঠিতে তিনি বলেন, আগামী ১০ নভেম্বরের টিপু সুলতানের জন্মজয়ন্তী উদযাপনে যেন তার নাম না থাকে। সেই চিঠিরই ছবি পোস্ট করে টুইটারে বলেন, আমি কর্ণাটক সরকারকে অভিহিত করেছি যেন নির্মম খুনি, উন্মাদ ও গণধর্ষণকারী এক ব্যক্তির জন্মদিন উদযাপনের লজ্জাজনক অনুষ্ঠানে আমার নাম না অন্তর্ভুক্ত থাকে।
 
উত্তর কন্নড় থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য ২০১৫ সাল থেকে আয়োজিত হতে থাকা টিপু জয়ন্তীর শুরু থেকেই বিরোধিতা করে আসছেন। সরকারি প্রটোকল অনুযায়ী এই জেলার সরকারি সব অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করার কথা তাই তাকে সেখানে যাওয়ার আমন্ত্রনপত্র দেয়া হয়েছে। বিষয়টির রাজনীতিকরণ করায় তার সমালোচনা করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াহ। ভারতীয় কংগ্রেসের এই নেতা বলেন, সরকারের অংশ হিসেবে তার এটা বলা ঠিক হয়নি। টিপু জয়ন্তী উদযাপনের আমন্ত্রণপত্র সব কেন্দ্রীয় ও প্রাদেশিক নেতা নেত্রীদের পাঠানো হবে, আমন্ত্রণ গ্রহণ করা না করা তাদের ব্যাপার।
 
ভারতীয় সরকার টিপু সুলতানকে ব্রিটিশ উপনিবেশ সরকারের বিরুদ্ধে ভারতীয় মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান করে। সেই বিষয়টিকে সামনে রেখেই সিদ্দারামাইয়াহ বলেন, এটাকে রাজনৈতিক ইস্যু বানানো হচ্ছে। ব্রিটিশদের বিরুদ্ধে চারটি যুদ্ধ হয়েছে যার সবগুলোতে লড়াই করেছেন টিপু সুলতান। ২০১৫ সালে কর্ণাটক সরকার টিপু জয়ন্তী পালনের সিদ্ধান্ত গ্রহণ করলে বিজেপি ও রাষ্ট্রীয় শিবসেনা এর বিরোধিতা করে। বিগত দুই বছরের টিপু জয়ন্তী উদযাপনের সময় বিক্ষোভ ও সহিংসতা দেখা গেছে কিন্তু কর্ণাটক সরকার এই বছরও উদযাপন করবে।
 
উল্লেখ্য, অনন্ত কুমার হেগড়ে চলতি বছরের শুরুতে সিরসিতে এক হাসপাতালে দুই চিকিৎসককে পিটিয়ে সংবাদ শিরোনাম হয়েছিলেন। তার অসুস্থ মাকে প্রাধান্য দিয়ে না দেখায় ক্ষিপ্ত হয়ে এই কাণ্ড ঘটান। টাইমস অব ইন্ডিয়া। 
 
ইত্তেফাক/সাব্বির