জনবহুল রাস্তার পাশে ধর্ষণ, সাহায্য না করে ভিডিও ধারণ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২০:৪৩
 
দিন-দুপুরে জনবহুল রাস্তার পাশে এক নারীকে ধর্ষণ করেছে এক যুবক। এ সময় শত শত পথচারী যাতায়াত করলেও কেউ সাহায্য করেনি। এমনকি তাদের মধ্যে অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত ছিল। 
 
রবিবার ভারতের অন্ধ্রপ্রদেশের বানিজ্যিক রাজধানী বিশাখাপত্তনমের ভাইজ্যাগ রেল স্টেশন ও তাড়িচেতলাপালেমের মধ্যবর্তী নতুন রেল কলোনি এলাকা এ ঘটনা ঘটে। 
 
পুলিশ জানিয়েছে, দুপুর আড়াইটার দিকে  ট্রাক শ্রমিক ২৩ বছর বয়সী গাঞ্জী শিবা নামে এক যুবক ওই নারীকে ধর্ষণ করে। ওই নারী পারিবারিক বিবাদের জেরে বছর দুদিন আগে বাড়ি ছেড়েছিলেন। ঠিকমতো খাবার না খাওয়ায় বেশ দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। রাস্তার ধারে ফুটপাথের ধারে গাছের তলায় শুয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় ওই যুবক তাকে ধর্ষণ করে। 
 
চোখের সামনে ওই ঘটনা ঘটলেও কেউ প্রতিবাদ করেনি। নির্যাতিতা এতোটাই দুর্বল ছিলেন, যে তার ওপর অত্যাচার হওয়া সত্বেও চেঁচানোর ক্ষমতা ছিল না তার। উল্টে, কয়েকজন পথচারী তাদের মোবাইলে এই নারকীয় ঘটনার ভিডিও করে। 
 
স্থানীয় এক অটোচালক ভিডিও করে তা পুলিশের কাছে জমা দেয়। পুলিশ পৌঁছাতে পৌঁছাতে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ভিডিও দেখে শিবাকে চিহ্নিত করা হয়। সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
 
 
ইত্তেফাক/ইউবি