সিরিয়ায় ১২৮ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে আইএস

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ২১:১৩
সিরিয়ার আল কারতিয়ান শহরে চলতি মাসের তিন সপ্তাহে ১২৮ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। অক্টোবরের শুরুর দিকে দখল করে গত শুক্রবার সেখান থেকে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত আইএস জঙ্গিরা এই হত্যাকাণ্ড চালায় বলে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে। 
 
এসওএইচআরের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলোর প্রতিবেদনে বলা হয়, বেসামরিক ব্যক্তিরা সরকারি বাহিনীকে সহায়তা করেছে, এমন অভিযোগ এনে তাদের হত্যা করা হয়। এসওএইচআর জানায়, তিন সপ্তাহ ধরে আইএস ওই শহরে ব্যাপক হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালায়। এর মধ্যে মাত্র ৪৮ ঘণ্টায় তারা অন্তত ৮৩ জনকে হত্যা করে।
 
এসওএইচআরের প্রধান রামি আবদেল রহমান জানান, অন্তত ৩৫ জনের লাশ একটি গভীর খাদের ভেতরে পাওয়া গেছে এবং বাকিদের লাশ শহরের রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। সংস্থাটি আশংকা করছে, মৃতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে। পালমিরা কোঅরডিশেন কমিটির সদস্য মোহম্মদ আল হোমসি বলেন, নিহত ৯০ জনের পরিচয় খুব শিগগিরই প্রকাশ করা হবে। নিহতদের বেশিরভাগই পুরুষ, তবে কয়েকজন শিশুও আছে বলে জানান তিনি।
 
২০১৬ সালের এপ্রিল মাসে কারিয়াতায়িন শহরটি আইএসের কাছ থেকে পুনরুদ্ধার করেছিল সিরীয় সেনারা। এরপর সেপ্টেম্বর মাসে এটি আবার দখল করে নেয় জঙ্গিরা। কিন্তু চলতি বছরের অক্টোবরে  শুরুর দিকে জঙ্গিরা আবার শহরটি দখলে করে নেয়। গত সপ্তাহে এটি পুনরুদ্ধার করে প্রেসিডেন্ট বাশার আল আাসাদের অনুগত বাহিনী। আল জাজিরা।
 
ইত্তেফাক/সাব্বির