জলবায়ু ইস্যুতে ট্রাম্পকে কাজ করার আহ্বান সরকারি সংস্থার

আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৩:১৭
যুক্তরাষ্ট্রে জলবায়ু পরিবর্তন মোকাবিলা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সরকারি একটি সংস্থা। প্রতিবেদনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ইস্যুতে ইতিবাচক পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়েছে। এদিকে প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছে নিকারাগুয়া। এখন স্বাক্ষর করতে বাকি রয়েছে যুক্তরাষ্ট্র এবং সিরিয়া। 
 
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি অফিস (এনএও) সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, সরকার গত দশকে চরম আবহাওয়া পরিস্থিতি মোকাবিলায় ৩৫০ বিলিয়ন ডলার ব্যয় করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ না করলে যুক্তরাষ্ট্রকে আরো মূল্য দিতে হতে পারে।
 
চলতি বছর যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি ঘূর্ণিঝড় এবং দাবানলের শিকার হতে হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পড়ছে। পুয়ের্তো রিকোতে ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চলতি সপ্তাহে কংগ্রেস পুয়ের্তো রিকোতে কয়েক মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করতে যাচ্ছে।  সিএনএন ও বিবিসি।
 
ইত্তেফাক/সেতু