কট্টর ইসলামী শাসনের জন্য পরিচিত সৌদি আরবে ‘মধ্যপন্থি, উন্মুক্ত’ ইসলাম ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার রাজধানী রিয়াদে এক অর্থনৈতিক ফোরামে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
ভাষণে মোহাম্মদ বলেন, ‘আমরা আগে যেখানে ছিলাম সেখানেই ফিরে যাচ্ছি, মধ্যপন্থি একটি ইসলামি দেশ, যেটি সব ধর্ম ও বিশ্বের জন্য উন্মুক্ত।’ সৌদি রাজসিংহাসনের ৩২ বছর বয়সী উত্তরাধিকারী বলেন, ‘ধ্বংসাত্মক ধ্যান-ধারণা সামাল দিতে গিয়ে আমাদের জীবনের পরবর্তী ৩০ বছর নষ্ট করবো না আমরা। সেগুলো আজই ধ্বংস করবো। আমরা খুব দ্রুত কট্টরপন্থার অবসান ঘটাবো।’ সৌদি আরবের তরুণ প্রজন্মের প্রতি আস্থার কথা জানিয়ে মোহাম্মদ বলেন, তার দেশ আর আগের অবস্থায় নেই। তিনি বলেন, সৌদি আরব ‘উগ্রপন্থী চিন্তার প্রচারকদের নির্মূল’ করবে।
এই প্রথম সৌদি আরবের শীর্ষ পদে থাকা কোনো ব্যক্তি সরাসরি কট্টরপন্থা নিয়ে কথা বললেন। চলতি বছরের ২১ জুন হঠাৎ করে উত্তরাধিকারী যুবরাজ মনোনীত হওয়ার পর থেকেই সংস্কারের পথে এগিয়ে গেছেন মোহাম্মদ। গত মাসে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে বাদশা সালমান বিন আব্দুল আজিজের সিদ্ধান্তের পেছনেও তার প্রভাব কাজ করেছে বলে ধারণা করা হয়। তবে সমালোচকদের দাবি, ভিন্নমতাবলম্বী ও মানবাধিকারকর্মীদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে সৌদি কর্তৃপক্ষ। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
