‘তারুণ্যের শিরায় মুক্তির আভাস, ধমনিতে জাগে যুক্তির উল্লাস’ স্লোগানে খুলনায় শুরু হয়েছে দুদিনব্যাপী ৬ষ্ঠ ইউনিমেড ইউনিহেলথ এনডিএফ বিডি কেএমসি জাতীয় মেডিকেল ডিবেট ফেস্টিভ্যাল। এটি মেডিকেল শিক্ষার্থীদের সবচেয়ে বড় মিলনমেলা। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।
এরআগে সকাল ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজের আলোকিত চত্বরে প্রতিযোগীদের নিবন্ধনের মাধ্যমে উৎসবের সূচনা পর্ব শুরু হয়। এ বিতর্ক উৎসবে দেশের শীর্ষ স্থানীয় ৬৬টি মেডিকেল কলেজের আট শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এনডিএফ বিডি ও খুলনা মেডিকেল কলেজ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল আহাদ ও উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ, ইউনিমেড ইউনিহেলথের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন ভূঁইয়া, এনডিএফ বিডির মহাসচিব সোহানুর রহমান, আয়োজক কমিটির আহ্বায়ক ডা. হুমায়ূন কবির শুভ, ডা. এসএম খালিদুজ্জামান ও এনডিএফ বিডি খুলনা অঞ্চলের মডারেটর মো. তাকদীরুল গনী।
অনুষ্ঠানে বিতর্ক প্রসারে অসামান্য অবদানের জন্য রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মাসুম হাবিবকে আজীবন সম্মাননা পদক প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় বিতর্ক দলগুলোর অংশগ্রহণে টস পর্ব। এরপর ট্যাব ফরমেটে শুরু হয় বিতর্ক প্রতিযোগিতা। শুক্রবার প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিতর্কের বিষয় ছিল, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ সফল’।
শনিবার শেষ দিনে বিতর্কের সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল ও ফাইনাল রাউন্ড, ফাইনাল কুইজ ও বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, চিকিৎসকদের অংশ গ্রহণে সেমিনার এবং সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/আরকেজি
