শার্শা উপজেলার টেংরা গ্রামে মাদক ব্যবসায়ীকে আটক করতে যেয়ে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় আটককৃত আসামি হাতকড়াসহ পালিয়ে যান। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, পুলিশ মাদক ব্যবসায়ী গাজিউর রহমানের ছেলে দুখুকে আটক করে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের এএসআই আলা উদ্দিন ও কামরুজ্জামানকে গুরুতর আহত হন। এ সময় এএসআই কামরুজ্জামানের ব্যবহৃত অস্ত্রটি এবং হাতকড়াসহ মাদক ব্যবসায়ী দুখুকে ছিনিয়ে নেয়। আহত দুই জন এএসআইকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পরে দুখুকে আটক অভিযান চলাকালে আহত হয়েছে এস আই যোগেশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ এম মশিউর রহমান জানান, ঘটনার পরপরই টেংরা গ্রামে অভিযান চালিয়ে এএসআই কামরুজ্জামানের ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি মাদক ব্যবসায়ী দুখুকে আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/কেকে
