আগামী বছর থেকে গাঁজা চাষ হবে ডেনমার্কে!

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৮:০১
ডেনমার্কে আগামী বছর থেকে ওষুধ হিসেবে ব্যবহারের জন্য গাঁজা বৈধ হয়ে যাচ্ছে। আর তার আগেই গাঁজা চাষের অনুমতি পাবার জন্য উঠেপড়ে লেগেছে বিভিন্ন কোম্পানি। ক্যান্সার ও মাল্টিপল স্ক্লেরোসিসের মতো রোগে আক্রান্ত ব্যক্তিদের ব্যথা উপশমের জন্য গাঁজা বা ক্যানাবিস ব্যবহৃত হয়ে থাকে।
 
ডেনমার্কের মোট ১৩টি কোম্পানি ইতিমধ্যেই কর্তৃপক্ষের কাছে গাঁজা চাষ করার অনুমতি চেয়ে আবেদন করেছে । চার বছর ধরে পরীক্ষা চালানোর পর ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে ডেনমার্কে গাঁজা বৈধ হচ্ছে - যাতে রোগীরা প্রেসক্রিপশনের মাধ্যমে গাঁজা কিনতে পারেন।
 
তবে ঠিক কি ভাবে এই গাঁজা উৎপাদিত হবে তার খুঁটিনাটি নিয়ে এখনো ডেনিশ পার্লামেন্ট কাজ করছে। কিছু ওষুধ কোম্পানি এখনো গাঁজা উৎপাদনের অনুমতি চায় নি। ডানস্ক গার্টেনরি নামের এক কোম্পানির কর্মকর্তা ইয়োর্গেন কে এন্ডারসন বলেছেন, এ ব্যাপারে নিয়মকানুন খুবই জটিল।
 
গাঁজা দিয়ে একজন রোগীর চিকিৎসার জন্য খরচ হবে প্রায় ৬০০০ ক্রোন বা ৯৩৫ মার্কিন ডলার। তবে অনেকে বলছেন, ডেনমার্কে উৎপাদিত গাঁজা অন্য দেশে রপ্তানি করে হয়তো এ খরচ কমিয়ে আনা যেকে পারে। বিবিসি বাংলা।
 
ইত্তেফাক/রেজা