অর্থনৈতিক অবরোধ আরোপের মাধ্যমে সৌদি আরবসহ তার মিত্ররা কাতারে বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দেশটির আমির তামিম বিন হামাদ আল থানি। যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন। এর আগে বর্তমান আমিরের বাবার সময়েও সরকার উৎখাতের চেষ্টার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
শেখ তামিম বলেন, অবশ্যই সৌদি নেতৃত্বাধীন চারটি দেশ কাতারে নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা করছে। ইতিহাস আমাদের এই শিক্ষাই দেয়, তারা এর আগেও ১৯৯৬ সালে আমার বাবা আমির হওয়ার সময় একই চেষ্টায় লিপ্ত হয়েছিল।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন সন্ত্রসবাদে মদদ দেওয়ার অভিযোগে গত ৫ জুন কাতারের উপর স্থল, নৌ ও আকাশপথে অবরোধ আরোপ করে। এই অবরোধকে মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত উল্লেখ করে শেখ তামিম বলেন, তারা আমাদের স্বাধীনতাকে পছন্দ করে না। আমরা এই অঞ্চলে মত প্রকাশের স্বাধীনতা চাই। তারা এতে খুশি নয়, তারা এটাকে নিজেদের জন্য হুমকি মনে করে।
উল্লেখ্য, ২০১৩ সালে ৩৩ বছর বয়সে শেখ তামিম কাতারের আমিরের দায়িত্ব গ্রহণ করেন। তার বাবা শেখ হামাদ বিন খলিফা আল থানি তখন তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। শেখ হামাদ ১৯৯৫ সালে ক্ষমতা গ্রহণের পরের বছর কাতারে অভ্যুত্থান প্রচেষ্টা চালানো হয়। এরপর শেখ হামাদের সময়ে মজুদ প্রাকৃতিক গ্যাস রপ্তানী করে দ্রুত অর্থনৈতিক উন্নতি সাধন করে।
ইত্তেফাক/কেআই
