বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক এলাকা সংলগ্ন সড়কে অটোবাইক চলাচলের অনুমতির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ করেছে অটোচালক ও পার্শ্ববর্তী এলাকাবাসীরা। সোমবার দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনের সামনে এ বিক্ষোভ করে পাশ্ববর্তী বয়ড়া ইউনিয়নের বাসিন্দারা।
জানা যায়, ক্যাম্পাসের বিভিন্ন রাস্তায় বেপরোয়া অটো চলাচলের ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রায় একমাস পূর্বে সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান ফটক হয়ে ক্যাম্পাসের একাডেমিক ভবন ও আবাসিক এলাকা সংলগ্ন রাস্তায় অটোবাইক চলাচল বন্ধ করে শুধু রিকশা চলাচলের অনুমতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে সামান্য ঘুরে বয়ড়া এলাকায় যেতে হত বাসিন্দাদের। এতে ক্ষীপ্ত হয়ে ওই এলাকার প্রায় দুই শতাধিক লোক ৫০-৬০টি অটো নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে রেখে বিক্ষোভ করে। এলাকাবাসীর দাবি, এ রাস্তায় অটো বন্ধ করায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। এলাকার উৎপন্ন ফসলাদি পরিবহণে সমস্যা হচ্ছে।
এবিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান বলেন, জেলা প্রশাসন ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব।
ইত্তেফাক/এমআই
