ভুল করে ডাস্টবিনকেই পুজো!

আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৯:২৯
 
স্বচ্ছ ভারত অভিযান দেশের প্রতি কোনায় পৌঁছে দিতে যতই উদ্যোগী হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বচ্ছতা সম্পর্কে দেশবাসীর ধারণা ঠিক কীরকম, তারই একটি করুণ ছবি ধরা পড়ল বিহারের একটি গ্রামে। 
 
৬২ হাজার কোটি টাকার এই প্রকল্প নিয়ে প্রশাসন যতই ঢাক-ঢোল পেটাক, সামান্য একটা ডাস্টবিন সম্পর্কেও গ্রামের মানুষের ন্যূনতম ধারণা নেই, তা স্পষ্ট হল।  সূর্য পুজোর সময় বিহারের কোনো একটি মন্দিরের বাইরের এই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মন্দির চত্বর পরিষ্কার রাখতে এই প্রথম সেখানে বসানো হয়েছে ডাস্টবিন। ক্যাঙারু আকারের ডাস্টবিনটি দেখে তাকে ধর্মীয় কিছু ভেবে ভুল করেন তিন নারী। ফুল, জল দিয়ে ডাস্টবিনের পুজো শুরু করে দেন তারা। ডাস্টবিনের তলায় প্রণামও সেরে ফেলেন। 
 
 
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও নিয়ে দু-রকম প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। কেউ কেউ একে হাসির খোরাক বলে মনে করলেও অনেকেই স্বচ্ছতা ধারণা নিয়ে দেশের করুণ ছবির কথাই উল্লেখ করেছেন। শিক্ষা ও সচেতনতার অভাবে ডাস্টবিন-ই ঈশ্বরে পরিণত হলো তিন মহিলার কাছে।
 
 
ইত্তেফাক/ইউবি