রাশিয়ার হস্তক্ষেপ: ট্রাম্পের সাবেক প্রচারণা প্রধানের বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ২০:১৩
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রচারণা প্রধান ও তার সহযোগীর বিরুদ্ধে ১২টি অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার ওয়াশিংটনে আইনজীবীর সঙ্গে তাকে এফবিআই কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়।
 
২০১৬ মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ও ট্রাম্পের প্রচারণা দলের সংযোগ বিষয়ে তদন্ত করছে স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলারের নেতৃত্বাধীন তদন্ত দল। দুই পক্ষই কোনো ধরণের সংযোগের কথা অস্বীকার করে। মুয়েলারের দল তদন্তের অংশ হিসেবে অনেক বর্তমান ও সাবেক হোয়াইট হাউজ কর্মকর্তার বিস্তৃত সাক্ষাতকার নিয়েছে। পল ম্যানাফোর্টের আরেক ব্যবসায়ী সহযোগী রিক গেটসকে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়েছে।
 
ম্যানাফোর্ট ও গেটসের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের ষড়যন্ত্রসহ ১২টি অভিযোগ আনা হয়েছে। মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ক তদন্তে এই প্রথম কারো বিরুদ্ধে অভিযোগ গঠন করা হল। ৬৮ বছর বয়সী পল ম্যানাফোর্ট ১৯৭৬ সালে রিপাবলিকান প্রার্থী জেরাল্ড ফোর্ডকে দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে কাজ শুরু করেছিলেন। গত আগস্টে ইউক্রেনের রাশিয়াপন্থি দলের সঙ্গে সংযোগের অভিযোগ উঠলে তিনি ট্রাম্পের প্রচারণা প্রধানের পদ ত্যাগ করেন। ম্যানাফোর্ট রাশিয়ান এক আইনজীবীর সঙ্গে বৈঠক করেছিলেন যিনি ২০১৬ সালের নির্বাচনের ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের জন্য ক্ষতিকর এমন তথ্য প্রকাশ করেন। 
 
মার্কিন যুক্তরাষ্ট্রের সবগুলো গোয়েন্দা সংস্থা একমত যে, প্রেসিডেন্ট নির্বাচনে জিততে ট্রাম্পকে সহায়তা করেছে রাশিয়ান সরকার। কিন্তু ট্রাম্প সব অভিযোগ অস্বীকার করেন। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির