কাতালান স্বাধীনতা: বিদ্রোহীদের বিরুদ্ধে মামলার আহ্বান স্পেনের

আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৯:৪০
স্প্যানিশ আইন লঙ্ঘন করে স্বাধীনতার ঘোষণা দেয়ায় কাতালান বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধান প্রসিকিউটর। জোসে ম্যানুয়েল মাজা বলেন, কাতালান বিদ্রোহীসহ ওই অঞ্চলের কর্মকর্তাদের বিরুদ্ধেও মামলার দায়ের করা উচিত। তারপর দেশের আইন অনুযায়ী তাদের বিচারকদের কাছে ন্যস্ত করা। 
IMG0
কাতালোনিয়ার স্বায়ত্তশাসন ব্যবস্থা ভেঙ্গে দিয়ে, এর কর্তৃত্ব কেন্দ্রীয়ভাবে নিয়ে নেয়ার পর এ ধরণের ঘোষণা এলো। তবে কাতালান নেতা পুজদেমন বলেছেন তাকে ক্ষমতা থেকে অপসারণের যে নির্দেশ মাদ্রিদ সরকার দিয়েছে তা তিনি মানেন না। এর মধ্যেই, স্পেনের একতার দাবিতে বার্সেলোনায় বিক্ষোভ-সমাবেশ ও র‌্যালি করেছে কয়েক লাখ মানুষ। সেসময় স্বাধীনতা ঘোষণার জন্য পুজদেমনকে গ্রেফতার ও কারাদণ্ড দেয়ার দাবিও করেন অখণ্ড স্পেনের পক্ষের জনতা।
IMG1
তবে আগামী ডিসেম্বরে কাতালোনিয়ায় আঞ্চলিক নির্বাচন করার ঘোষণা দিয়েছে স্পেন সরকার। কাতালানের বরখাস্ত নেতৃত্ব চাইলে ওই নির্বাচনে অংশ নিতে পারবে বলেও জানানো হয়েছে। স্পেনের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী আলফোনসো দাসতিস স্কাই নিউজকে বলেন, ‘আমরা কাতালোনিয়ার কাছ থেকে স্বায়ত্তশাসন কেড়ে নিচ্ছি না। প্রকৃতপক্ষে আমরা এটি পুনঃপ্রতিষ্ঠা করছি কেবল।’ বিবিসি।
 
ইত্তেফাক/সেতু