ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে নিরাপত্তা বাহিনীর কাছে ১৬ নকশাল বিদ্রোহী আত্মসমর্পণ করেছে। বুধবার কর্তৃপক্ষ এ খবর জানায়।
ভারতীয় বাহিনী সশস্ত্র সিমা বলের সিনিয়র কর্মকর্তা চঞ্চল শেখর বার্তা সংস্থাকে বলেন, ‘বিহারের শিহর জেলায় ১৬ জন নকশাল বিদ্রোহী আত্মসমর্পণ করেছে।’ তিনি বলেন, এদের সবাইকে রাজ্য সরকারের নীতিমালার আওতায় পুর্নবাসন করা হবে। কর্মকর্তা আরো বলেন, এদের সকলে দীর্ঘ দিন ধরে ফেরারী ও হুলিয়াধারী ছিলো। তাদের বিরুদ্ধে অস্ত্র, হত্যা, বিস্ফোরক ও বেআইনী কর্মকান্ডের সাথে জড়িত থাকার মামলা রয়েছে। এদের বয়স ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে।
নকশাল আন্দোলনে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে নীতিমালা করা হয়েছে, যে সকল বিদ্রোহী আত্মসমর্পণ করবে তাদের পুনর্বাসন করা হবে। নকশাল বিদ্রোহীদের অন্যতম রাজ্য ছত্রিশগড়। সেখানেও বিদ্রোহীরা আত্মসমর্পণ করলে আর্থিক, হাউজিং ও চাকুরির সুবিধা প্রদান করা হয়ে থাকে। ভারতের কমপক্ষে ৭টি রাজ্যে নকশাল বিদ্রোহীরা সক্রিয় রয়েছে। তারা গরিবদের ভূমি অধিকার রক্ষায় আন্দোলন করে আসছে। বিদ্রোহীরা প্রায়ই দেশটির আইন-শৃংখলা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। সিনহুয়া।
ইত্তেফাক/সাব্বির
