যৌন হয়রানির দায়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১২:১৫
পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালন। তবে তার মতে, যৌন হয়রানির দায়ে নয়, ব্যক্তিগত আচরণের কারণে পদত্যাগ করেছেন তিনি। তিনি এমন এক সময়ে পদত্যাগ করলেন, যখন ব্রিটেনের বেশ কিছু সংসদ সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। 
IMG0
ফ্যালন বলেছেন, তার আচরণ যে মানের হওয়ার কথা, সেটি হয়তো সে মানের ছিল না। মঙ্গলবার তিনি স্বীকার করেছেন যে ১৫ বছর আগে তিনি সাংবাদিক ও রেডিও উপস্থাপিকা জুলিয়া হার্টলি-ব্রুয়ারের হাঁটু অশোভনভাবে স্পর্শ করেছিলেন। সে আচরণের জন্য তিনি ক্ষমা চেয়েছেন। ফ্যালন বলেন, ‘১৫ কিংবা ১০ বছর আগে যেটি গ্রহণযোগ্য ছিল, বর্তমানে সেটি মোটেও গ্রহণযোগ্য নয়।’ ব্রিটেনের পার্লামেন্টে বেশ কয়েকজন এমপি’র বিরুদ্ধে সম্প্রতি যৌন হয়রানীর অভিযোগ প্রকাশ হওয়ার প্রেক্ষাপটে ফ্যালন হচ্ছেন প্রথম রাজনীতিবিদ যিনি পদত্যাগ করলেন।
IMG1
ফ্যালনের পদত্যাগের সঙ্গে নতুন কোনো অভিযোগের সম্পর্ক নেই বলে মনে করছে বিবিসি। তবে বিষয়টি নিয়ে ডাউনিং স্ট্রিট কোনো মন্তব্য করেনি। ফ্যালন বলেছেন, ব্রিটেনের সামরিক বাহিনী যে মানের আচরণ আশা করে তার আচরণ সে রকম ছিলনা। ফ্যালন মন্ত্রীপরিষদের একজন সদস্য হিসেবে তার ভূমিকাকে যে গুরুত্বের সঙ্গে দেখেছেন সেটির প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু