ম্যানচেস্টারে বোমা হামলাকারীর ভাইকে যুক্তরাজ্যের কাছে হস্তান্তরের অনুরোধ

আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৯:১৭
ম্যানচেস্টারে বোমা হামলার তদন্তে নিয়োজিত ব্রিটিশ পুলিশ বুধবার লিবিয়ার প্রতি হামলাকারীর ভাইকে তাদের কাছে হস্তান্তরের অনুরোধ জানিয়েছে। চলতি বছরের প্রথম দিকে ম্যানচেস্টারে পপ তারকা আরিয়ানিয়া গ্রান্ডের একটি কনসার্টে সালমান আবেদি নামের আত্মঘাতীর বোমা হামলায় ২২ জন নিহত হয়। 
 
এক দশকেরও বেশি সময়ে মধ্যে ব্রিটেনে এটিই সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা। লিবীয় বংশোদ্ভূত আবেদি গত ২২ মে ম্যানচেস্টারে বোমা হামলার আগে এপ্রিলে লিবিয়া গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ বলছে, আবেদি’র ভাই হাশিম আবেদিকে হস্তান্তরের অনুরোধ জানানো এবং তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা গ্রহণের পক্ষে যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে।
 
হাশিম আবেদি বর্তমানে লিবিয়ায় আটক রয়েছে এবং কর্তৃপক্ষ তাকে যুক্তরাজ্যের কাছে হস্তান্তরের বিষয়টি বিবেচনা করছে। এ প্রসঙ্গে ব্রিটেনের উত্তর পশ্চিমাঞ্চলের সন্ত্রাস দমন বিষয়ক পুলিশ ইউনিটের কর্মকর্তা রুস জ্যাকসন বলেন, এই অনুরোধ বিবেচনায় নেয়ার জন্য লিবীয় কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির